| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবিরের প্রথম প্রকাশ্যে মিছিল জাবিতে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৬:১৭:৫৯:অপরাহ্ন  |  ১৭৭৪০৭৩ বার পঠিত
শিবিরের প্রথম প্রকাশ্যে মিছিল জাবিতে

রিপোর্টার্স২৪ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। আত্মপ্রকাশের পর এটি সংগঠনটির প্রথম প্রকাশ্য মিছিল।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মহুয়া তলা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য ও জাকসু এজিএস ফেরদৌস আল হাসান।

সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক ও জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠিত আদালতেই তার বিচার সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, “গণহত্যার দেড় বছরের মাথায় এই রায় একটি বড় অর্জন।” শেখ হাসিনা পালিয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি।

জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান রায়কে “জনগণের প্রাথমিক বিজয়” উল্লেখ করে বলেন, “চূড়ান্ত বিজয় হবে এই রায় কার্যকরের মাধ্যমে।” ভারত–বাংলাদেশ সম্পর্ক ন্যায়ভিত্তিক হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

জুলাই হামলায় জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিচারে “টালবাহানা চলছে” উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় দ্রুত শাস্তি না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবে সংগঠনটি।

সমাবেশে শাফায়াত মীরসহ অন্য নেতাকর্মীরাও বক্তব্য দেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪