| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে: ড. হেলাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:৫০:১৮:পূর্বাহ্ন  |  ১৭৪৯০২২ বার পঠিত
জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে: ড. হেলাল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা-৮ আসনে মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, চিকিৎসাসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। অথচ রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের ৯টি প্রশাসনিক ওয়ার্ডেই কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই।

শুক্রবার (২১ নভেম্বর) মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হেলাল বলেন, জনগণের ভোটে জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। দীর্ঘদিন ধরে দলটি দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে এই মেডিকেল ক্যাম্পও সেই মানবিক ধারাবাহিকতার অংশ।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে জামায়াতের ওপর নানা অত্যাচার-নির্যাতন চালানো হলেও তাদের সামাজিক সেবামূলক কার্যক্রম থেমে নেই। ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের করের টাকায় সর্বজনীন ও উন্নত করা হবে।

স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, আমাদের নির্বাচনি এলাকার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও পিজি হাসপাতাল আছে। কিন্তু দুর্নীতি ও অনিয়মের কারণে মানুষ সঠিক চিকিৎসা পান না। ফলে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হয়। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে এসব হাসপাতালকে বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

জামায়াতের সামাজিক সেবা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি আরও বলেন, দলটি শুধু রাজনৈতিক সংগঠন নয়; মানবিক বাংলাদেশ গঠনের জন্যই কাজ করে। স্বাধীনতার পর ক্ষমতায় আসা দলগুলোর দুর্নীতির কারণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলেও জামায়াত ক্ষমতায় না থেকেও অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন কর্জে হাসানা, শিক্ষা সহায়তা, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এসবই জামায়াতের সামাজিক দায়বদ্ধতার অংশ।

অনুষ্ঠানের সভাপতি মতিঝিল উত্তর থানা আমীর এসএম শামছুল বারী বলেন, আজ ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। জামায়াত সরকার গঠন করলে বড় পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্য খাতে ১০০ টাকার সেবা থেকে মানুষ পান মাত্র ১০ ভাগ; আমরা তা শতভাগ নিশ্চিত করব।

মতিঝিল উত্তর থানা সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪