| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৫৩:২৫:অপরাহ্ন  |  ৪০৮৬৮৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। এ নিয়ে কৃষকদের মধ্যে আনন্দের কমতি ছিল না। তবে বাজারে দামের ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, তুলনামূলক কম দামেও আলু বিক্রি করতে পারছেন না কৃষকেরা। অনেক এলাকায় ৬০ কেজির এক বস্তা আলু ২০০ টাকাতেও বিক্রি হচ্ছে না। সে হিসাবে প্রতি কেজি আলুর দাম পড়ছে ৩ টাকার কিছু বেশি। এমন পরিস্থিতিতে আলু হিমাগারে সংরক্ষণ করবেন নাকি বাড়িতেই রাখবেন, তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, কৃষক মনসুর আলীর ১০ বিঘা জমির গ্রানুলা জাতের আলু তুলছেন শ্রমিকেরা। জমির পাশে বস্তাভর্তি আলু পড়ে থাকলেও ক্রেতার দেখা নেই।

মনসুর আলী বলেন, ‘১০ বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু লাগিয়েছি। কিন্তু এখন আলু নেওয়ার মতো পাইকারই পাচ্ছি না। এক বস্তা (৬০ কেজি) আলু ২০০ টাকাতেও বিক্রি হচ্ছে না। উল্টো ব্যবসায়ীরা প্রতি বস্তায় আরও তিন কেজি বেশি দিতে বলছেন। হিমাগারে রাখব, নাকি বাসায় রাখব—সেই চিন্তায় আছি।’

তিনি আরও বলেন, ‘এক বিঘা জমিতে আলু লাগানো, সার, কীটনাশক, সেচ, উত্তোলনসহ খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। অথচ সেই জমির আলু এখন ১০ হাজার টাকাও বিক্রি হচ্ছে না।’

একই এলাকার কৃষক নুরুল আলম বলেন, ‘ভালো সময়ে প্রতিটি আলুর ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম হয়। তখন দামও ভালো পাওয়া যায়। কিন্তু এবার পচনরোগে গাছ আগেই মরে গেছে। ফলে আলুর আকার ছোট হয়েছে। এসব আলু কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না।’

আলু ব্যবসায়ীরাও জানিয়েছেন, বাজারে চাহিদা কম থাকায় তাঁরা আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ঠাকুরগাঁও পৌর শহরের পাইকারি আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘এবার বাজারে আলুর সরবরাহ অনেক বেশি; কিন্তু চাহিদা কম। রমজান মাস ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাজার স্থবির হয়ে আছে। আমরা কিনলেও বিক্রি করতে পারছি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৮ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ২৮ হাজার ২৮৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ টন। গত মৌসুমে ৩৪ হাজার ৭২৫ হেক্টর জমিতে আলু চাষ করে ৮ লাখ ৬৮ হাজার ১২৫ টন উৎপাদিত হয়েছিল।

জেলায় ১৭টি হিমাগারে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ৫৩২ টন আলু সংরক্ষণ করা যায়, যা মোট উৎপাদনের তুলনায় অনেক কম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, ‘গত মৌসুমে লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু চাষের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কৃষক বেশি লাভের আশায় আবারও বেশি জমিতে আবাদ করেছেন। এখন উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে।’

মাজেদুল আরও বলেন, ‘আগে ঠাকুরগাঁওয়ের আলু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। এখন অন্যান্য জেলাতেও আলু চাষ বাড়ায় চাহিদা কমেছে। আমরা কৃষকদের বিকল্প ফসল চাষ ও পরিকল্পিত উৎপাদনের বিষয়ে পরামর্শ দিচ্ছি, যাতে ভবিষ্যতে তাঁরা লোকসানের ঝুঁকি কমাতে পারেন।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪