| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৪:০৮:১০:অপরাহ্ন  |  ২০৩৬ বার পঠিত
২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

 রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হবে। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে ১৫ বছরের কম বয়সী শিশু এবং হৃদযন্ত্র, ফুসফুস, লিভার, কিডনির দুরারোগ্য ব্যাধিসহ কয়েকটি নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন চলবে।

হজের প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে তার আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমে নিজে নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একই সঙ্গে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কোনো নারীও হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকতে হবে।

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪