| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসছে ‘মহানগর ৩’, ফিরছেন ওসি হারুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৯:৫০:৩৭:অপরাহ্ন  |  ৬১৬ বার পঠিত
আসছে ‘মহানগর ৩’, ফিরছেন ওসি হারুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। ২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।

জন্মদিন উপলক্ষে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আশফাক নিপুন। ভিডিওর শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। যারা এখনো জন্মদিনের শুভেচ্ছা জানাননি তাদেরকে শুভেচ্ছা পাঠাতে অনুরোধ করেন। সবশেষে চমক দিয়ে নিপুন বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কিসের স্ক্রিপ্ট শেষ করছেন নিপুন? সেটার ইঙ্গিত নিজেই দেন নির্মাতা। নিপুন নিজের কণ্ঠেই গেয়ে শোনালেন মহানগর সিরিজের সেই ইন্ট্রো মিউজিক। আর তাতেই স্পষ্ট হয়ে যায়, মহানগর ৩-এর কাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে। যদিও কবে নাগাদ শুরু হবে শুটিং, কারা থাকছেন অভিনয়ে সেসব আপাতত গোপন রাখছেন নির্মাতা।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা হারুন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাঁকে এই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে।

উল্লেখ্য, মহানগর ২ মুক্তির পর থেকেই সিরিজটির তৃতীয় সিজন নিয়ে চলছে আলোচনা। মহানগর ৩ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান জানিয়েছিলেন, মহানগরের নতুন সিজন আটকে আছে আলোচনার টেবিলে, বাজেট জটিলতার কারণে। সিরিজের পরিবর্তে সিনেমা হিসেবে মহানগর ৩ নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নির্মাতা আশফাক নিপুনও জানান, মহানগর ৩-এর ভাগ্য নির্ভর করছে ওটিটি প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪