| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২২:২৩:১৮:অপরাহ্ন  |  ৪০২১ বার পঠিত
গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এসব কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শ্রমঘন অঞ্চলে পর্যায়ক্রমে হাসপাতাল করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নিম্নআয়ের কর্মজীবী মানুষ, বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তারা শ্রমমন্ত্রীর কাছ থেকে শুনেছেন।

তিনি জানতে চান, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার জন্য শ্রমঘন শিল্প এলাকায় হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না।

জবাবে সংসদ নেতা তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল, কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের সঙ্গে ব্যবহার না করে সব কিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল।

তিনি বলেন, আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল, কীভাবে এমন সব পলিসি নেওয়া হয়েছিল, যার ফলে শিল্পের বিকাশ ঘটতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। স্বৈরাচারের সময় এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল, বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই দেশের প্রত্যেকটি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, শ্রমিক-শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার একেকটি ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪