| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজী নজরুলের বিষয়ে সংসদকে যা বললেন স্পিকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২৩:০৩:০৬:অপরাহ্ন  |  ৩৫১৭ বার পঠিত
গাজী নজরুলের বিষয়ে সংসদকে যা বললেন স্পিকার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তাঁর গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তুলে ধরে স্পিকার জানান, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র পাওয়া গেছে। সংসদ অধিবেশন চলমান থাকায় কার্যপ্রণালি বিধির ১৭২ ও ১৭৬ বিধি অনুযায়ী এই তথ্য সংসদে উপস্থাপন করা বাধ্যতামূলক।

চিঠির বিস্তারিত তুলে ধরে স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেরেবাংলা নগর থানায় রুজু হওয়া একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) একটি এজাহার দায়ের করা হয় (মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭)। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বলে সংসদকে জানান স্পিকার।

উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। পরবর্তীতে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনার জেরে নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় এবং দলটি বিষয়টি সংসদ ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ওই ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪