| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমির হামজার অডিওতে এআই ব্যবহারের প্রমাণ মেলেনি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২৩:৩৮:৩৯:অপরাহ্ন  |  ৪২২১ বার পঠিত
আমির হামজার অডিওতে এআই ব্যবহারের প্রমাণ মেলেনি

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এমন তথ্য জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন।

পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়।

কথোপকথনে ওই ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ)বলতে শোনা যায়, আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।

অডিওতে আরও শোনা যায়, একদম হুলুস্থুল করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।...আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।

এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ওই মাহফিলে আমির হামজা তার নামে প্রচারিত অডিওগুলোকে সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলেননি। তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, অডিওগুলো একাধিক অনলাইন টুলে পরীক্ষা করেও এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত পরীক্ষার এই ফল অডিওগুলোর প্রকৃত উৎস বা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত করে না।

রাশেদ খাঁনকে বিরুদ্ধে জামাতপন্থীদের নেতিবাচক প্রচারণা

আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু হয়। গত চার দিনে তাকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে নানা অসত্য, আক্রমণমূলক সংঘবদ্ধ ক্যাম্পেইন করছে জামায়াত শিবির সমর্থিত অ্যাকাউন্টগুলো থেকে। দ্য ডিসেন্ট ‘রাশেদ খাঁন’, ‘আমির হামজা’ এবং রাশেদ খাঁনকে ঘিরে ব্যবহৃত কিছু বিকৃত শব্দ সার্চ করে গত চার দিনে অন্তত ১১৮টি ভিডিও প্রকাশ হতে দেখেছে।

এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ধর্মবিরোধী আখ্যা দেওয়া, রাশেদ খাঁন ও তার পরিবারকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, রাশেদ খাঁনের নামে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ভুয়া অডিও প্রচার করা হয়েছে।

জামায়াত শিবিরের পক্ষে ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরি করেন M Atikur Rahman নামে একজন। তিনি গত তিন দিনে রাশেদ খাঁনকে নিয়ে ছয়টি ভিডিও তৈরি করেছেন। তিনি ভিডিওতে রাশেদ খাঁনকে ‘বেজন্মা, কুলাঙ্গারের বাচ্চা’, ‘চা*টা রাশেদ’, ‘ইসলামবিরোধী’, ‘জানোয়ার’, ‘অবৈধ জন্ম’, বলে অভিহিত করেছেন।

আরেকটি অ্যাকাউন্ট Farukuzzaman Farukuzzaman। ৪ লক্ষ ৬০ হাজার ফলোয়ারযুক্ত পেজটি থেকে গত ৩ দিনে রাশেদ খানকে নিয়ে ৭টি ভিডিও প্রচার করেন।

একটি ভিডিওতে তিনি সংবাদমাধ্যম আরটিভির নামে একটা ভুয়া ফটোকার্ড শেয়ার করে দাবি করেন, রাশেদ খাঁন আম জনতা দলের তারেকের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে ধরা খেয়ে পালিয়ে গিয়েছেন। ভিডিওতে তিনি অশ্লীল ভাষায় রাশেদকে আক্রমণ করেন। অন্যান্য ভিডিওগুলোতে তিনি রাশেদ খানকে ‘কানা রাশেদ’, চাঁটা রাশেদ বলে সম্বোধন করেন। এছাড়াও তিনি রাশেদ খানের ছবিকে সম্পাদনা করে কুকুরের আকৃতি দিয়ে অনলাইনে প্রকাশ করেছেন।

Abu Yousu নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সংবাদমাধ্যম বাংলা ভিশনের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের সাথে রাশেদ খানের যোগাযোগ রয়েছে। এটা  ভারতীয় পত্রিকায় খবর প্রকাশ হয়েছে। রাশেদ খাঁন একজন র এর গুপ্তচর।

Alomgir pulse+ নামে এক মিলিয়নের বেশি ফলোয়ারযুক্ত একটি পেজ থেকে একটি এআই জেনারেটেড অডিও প্রচার করে দাবি করা হয়েছে, এবার রাশেদ খাঁন নিজেই ফেসে গেছে। তার একটা অডিও কল ফাঁস হয়েছে। সেখানে সে নিজেই স্বীকার করতেছে যে আমির হামজার যে কল রেকর্ড সেগুলো সে নিজেই বানোয়াট ভাবে বানিয়ে প্রচার করতেছে।

রাশেদ খানের নামে ভুয়া অডিওতে শোনা যায়, স্যার আমির হামজার ভুয়া কলটা ভাইরাল করার জন্য একবারও ধন্যবাদ দিলেন না। আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ এ। যা কথা ছিলো সেই পরিমাণ টাকাই কিন্তু দিতে হবে।

আমির হামজার ভুয়া অডিও প্রচার করে টাকা দাবি করা বলে রাশেদ খানের নামে ভুয়া অডিও প্রচার করেছে Md Nur Mohammad নামের অ্যাকাউন্ট থেকেও।

MD Anwar Hossen নামের একটি অ্যাকাউন্ট থেকে ভুয়া ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, রাশেদ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

Raju vai 2.0 নামের আরেকটি আইডি থেকে ভিন্ন নারীর কণ্ঠ প্রচার করে দাবি করা হয়েছে এবার রাশেদ খানের লিংক ভাইরাল হয়েছে।

এআই দিয়ে রাশেদ খানের সাথে অন্য নারীর ছবি যোগ করে অন্য নারীর সাথে ধরা খাওয়ার ভিডিও প্রচার করেছেন রুবেল ভাই ০২ নামের আরেকটি অ্যাকাউন্ট।

রিউমর স্ক্যানারের যাচাই এ দেখা যায়, রাশেদ খাঁনকে পরকীয়ার অভিযোগে আটকের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে রাশেদ খাঁনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগের ঘটনার পুরোনো ছবির দৃশ্য ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় একজন নারীর উপস্থিতি যুক্ত করা হয়েছে। এই সম্পাদিত ছবিকে সাম্প্রতিক সময়ে রাশেদ খাঁনকে বান্ধবীসহ আটকের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।

প্রবাসী 'probashi' 0.2 নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে আরটিভির ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে রাশেদ খাঁন ‘আম তারেকের’ বউয়ের সাথে ধরা খেয়েছেন।

Mohammod alom.0 নামে একটা অ্যাকাউন্ট থেকে ভিডিও দিয়ে বলা হয়, আজকে দেখলাম তেল চাঁটা রাশেদ, যাকে আপনারা চাঁটা রাশেদ নামে চিনেন, সে মুফতি আমির হামজা হুজুরের ভয়েস বানাইসে এআই দিয়ে, কারণ মুফতি আমির হামজা এদের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে।

Comedy Bazzar নামে আরেকটি পেজ থেকে ওয়াজের ঢঙে রাশেদ খাঁনকে উদ্দেশ্য করে ‘চাঁটা রাশেদ’ সহ আপত্তিকর শব্দে বক্তব্য দেওয়া হয়। সূত্র: দ্য ডিসেন্ট

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪