| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে বিএনপি নেতার লাথি, পুড়িয়ে মারার হুমকি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ২১:৪৯:৩৬:অপরাহ্ন  |  ৬১২৬ বার পঠিত
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে বিএনপি নেতার লাথি, পুড়িয়ে মারার হুমকি

নেত্রকোণা প্রতিনিধি: ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধে নেত্রকোনার আটপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষিকা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিবেদিতা দেব বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন এই বিদ্যালয়েরই সাবেক সহকারী শিক্ষক ও কাছারপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান। তবে বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় তাঁকে সভাপতি করা সম্ভব নয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা দেবের ওপর ক্ষুব্ধ হন নুরুজ্জামান।

সোমবার  (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বৈঠকে বসেন। সেখান থেকে তেলিগাতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়াকে পাঠানো হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেকে আনতে। তবে বিদ্যালয় ছেড়ে ওই বাড়িতে যেতে রাজি হননি নিবেদিতা। তিনি তাঁদের বিদ্যালয়ের কার্যালয়ে এসে কথা বলার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর নুরুজ্জামান, আনোয়ার হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর চড়াও হন। আনোয়ার হোসেন তাঁর পেটে লাথি মারেন। অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার ও তাসলিমা সুলতানাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাঁরা দুজন।

হিন্দু শিক্ষিকাকে পুড়িয়ে মারার হুমকি

নিবেদিতা দেব বলেন, ‘তাঁরা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যেতে বলেন। কিসের বৈঠক, তা না জানায় আমি তাঁদের বিদ্যালয়ের কার্যালয়ে এসে কথা বলতে বলি। এরপরই তাঁরা আমার ওপর হামলা চালান। আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামানসহ আরও বেশ কয়েকজন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী ছিলেন।’

নিবেদিতা দেব বলেন, ‘আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন, এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে পেটের সন্তানসহ পুড়িয়ে মারার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।’

এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন, নুরুজ্জামানসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। ইউএনও তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন।

অভিযুক্ত বিএনপি নেতার বক্তব্য

তেলগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘আমরা বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে বসে বৈঠক করছিলাম। সেখান থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেকে আনতে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। পরে নেতা-কর্মীরা বিদ্যালয়ে গিয়ে রাগের মাথায় তাঁকে গালমন্দ করেছেন। বলেছেন, “এই বিদ্যালয়ে আপনি থাকতে পারবেন না। আপনি বিদ্যালয়ে আওয়ামী লীগকে নিয়ে মিটিং করেন।” এরপর আমরা চলে এসেছি। তাঁকে পেটে লাথি মারা বা মারধরের ঘটনা ঘটেনি।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়া নুরুজ্জামান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪