| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের শেয়ারবাজারে ধস, একদিনেই কমল ১২০০ পয়েন্ট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ২১:৪৭:৫২:অপরাহ্ন  |  ৭২৯৮ বার পঠিত
পাকিস্তানের শেয়ারবাজারে ধস, একদিনেই কমল ১২০০ পয়েন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশটির শেয়ারবাজারে। ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর মধ্যে নতুন প্রশাসনিক অঞ্চল গঠন নিয়ে বিরোধের জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর ফলে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) অব্যাহত রয়েছে দরপতন।

গত সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কেএসই-১০০ কমেছে ১ হাজার ২২৩ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৯৪ দশমিক ৩৩ পয়েন্টে।

লেনদেনের শুরুতে সূচকটি সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৭১৯ দশমিক শূন্য ৫ পয়েন্টে উঠেছিল। তবে বিক্রির চাপ বাড়তে থাকায় একপর্যায়ে তা নেমে আসে ১ লাখ ৭৬ হাজার ৫৩ দশমিক ৬৪ পয়েন্টে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টপলাইন সিকিউরিটিজ জানিয়েছে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বাজারের অনিশ্চয়তা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

দেশটির ক্ষমতাসীন জোটের শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছেন।

তিনি বলেছেন, সিন্ধু প্রদেশকে বিভক্ত করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে।

আরিফ হাবিব লিমিটেডের ট্রেডিং বিভাগের উপপ্রধান আলী নাজিব জানান, লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই সূচক ৯০০ পয়েন্টের বেশি কমে যায়। পুরো অধিবেশনজুড়েই বিভিন্ন খাতের শেয়ার বিক্রির চাপ অব্যাহত ছিল।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির মজুত বৃদ্ধি এবং বিশ্ববাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা এর পেছনে ভূমিকা রেখেছে। পাশাপাশি কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক অনিশ্চয়তা বাড়িয়েছে।

দিনটিতে মোট ৭৪ কোটি ২০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১ দশমিক ৫৭ শতাংশ কম। তবে লেনদেনের আর্থিক পরিমাণ ২৮ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ কোটি রুপি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪