সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেন, ‘মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে (ভারত) সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান চাই।’
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমীর। সেখানে ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের যে ছোট ভূখণ্ড ও ১৮০ মিলিয়ন (প্রায় ১৮ কোটি) জনগোষ্ঠী আছে, এটাকেও তাদের সম্মান করতে হবে। এটাই আমাদের দাবি।
আমীর বলেন, যদি এটা হয়, তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকব না; এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব।
ভিন্ন ধর্মের মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করবেন, এমন প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, গত ১৫ মাসে আমাদের ভূমিকার মাধ্যমে এর জবাব দিয়েছি। একটা বিষয় একেবারে পরিস্কার করতে চাই, গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন হয়েছে। মুসলমানদেরও হয়েছে। আমরা জোর করে কোনোটা বন্ধের পক্ষে নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নই।
শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।
রিপোর্টার্স২৪/ এমএ/এসসি