| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঠকদের উদ্দেশে প্রথম আলোর বার্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:০২:৩৭:অপরাহ্ন  |  ৮৬১৬০৮ বার পঠিত
পাঠকদের উদ্দেশে প্রথম আলোর বার্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পত্রিকার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো ও ডেইলি স্টারের ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। শুক্রবার প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে আজ ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

বার্তায় আরও বলা হয়, এ জন্য পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও ছাপা পত্রিকার প্রকাশনা পুনরায় শুরু করা হবে। এ ক্ষেত্রে পাঠকদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। একপর্যায়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দুটি ভবনেই অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার সকাল ১০টার পর প্রথম আলো কার্যালয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের কার্যক্রম শেষ করে চলে গেলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আগুনে প্রথম আলো কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল পর্যন্ত ভবনের ভেতরে ধোঁয়া দেখা গেলেও পরে তা অনেকটাই কমে আসে। আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। তবে ভবনটির নিচতলায় অবস্থিত প্রথমা প্রকাশন-এর কার্যালয় আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪