| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলোর ওপর আক্রমণ সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতার জন্য কালো দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২২:০৮:৪২:অপরাহ্ন  |  ৮৬০৩৮৭ বার পঠিত
প্রথম আলোর ওপর আক্রমণ সংবাদমাধ্যম ও বাকস্বাধীনতার জন্য কালো দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: প্রথম আলোর ওপর হামলার ঘটনা দেশের সংবাদমাধ্যম, বাক্‌স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কালো দিন বলে মন্তব্য করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বাক্‌স্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে।’

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে মানববন্ধন করেন প্রথম আলোর কর্মীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে বিকেল চারটায় এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও এই মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে সাজ্জাদ শরিফ বলেন, ‘একই সঙ্গে ডেইলি স্টারের ওপর আক্রমণ হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এটি একটি কালো দিন সংবাদমাধ‍্যমের জন‍্য, বাক্‌স্বাধীনতার জন‍্য, গণতন্ত্রের জন‍্য।’

দুর্বৃত্তের গুলিতে আহত জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই আক্রমণ চালায় বলে প্রথম আলো মনে করছে।

সাজ্জাদ শরিফ বলেন, ‘পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে। আমাদের সাংবাদিকেরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ‍্যে ছিলেন। তাঁরা বাধ‍্য হয়ে পত্রিকা প্রকাশ না করে সাংবাদিকতার কাজ অসমাপ্ত রেখে চলে যান। প্রথম আলো প্রতিষ্ঠার পর গত ২৭ বছরে এই প্রথম আজ প্রথম আলো প্রকাশিত হয়নি। আমাদের অনলাইনও বন্ধ আছে গতকাল রাত থেকে।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন‍্য, বাংলাদেশের ভাবমূর্তি ও সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নেতিবাচক করে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন‍্য এই ঘটনাটি ঘটানো হয়েছে।’

হামলাকারীদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রথম আলোর নির্বাহী সম্পাদক বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। যারা দোষী তাদের খুঁজে বের করা হোক।’ নাগরিক সমাজকে প্রথম আলোর সঙ্গে সংহতি প্রকাশ করার অনুরোধ করেন তিনি।

মানববন্ধনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ সংবাদপত্রের সব বিভাগের কর্মীরা অংশ নেন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, সাবেক সহসভাপতি গাযী আনোয়ার প্রথম আলোর কর্মীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪