| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে সংঘটিত পরিস্থিতিতে উদ্বেগ; পদক্ষেপ নিতে বিলসের আহ্বান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২০:৩৭:০৯:অপরাহ্ন  |  ৮৫৮২৬৯ বার পঠিত
দেশে সংঘটিত পরিস্থিতিতে উদ্বেগ; পদক্ষেপ নিতে বিলসের আহ্বান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন-২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনা ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন-২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সামাজিক মাধ্যমে উসকানি দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের নামে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলা ও অগ্নিসংযোগ করে সম্পদের ক্ষতিসাধন, সংবাদকর্মীদের জীবন হুমকির মুখে ফেলা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা, ছায়ানট ভবন ও নালন্দা বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর, উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগ, খুলনায় সাংবাদিক হত্যা, ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক পোশাকশ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা, ভারতীয় হাইকমিশন ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলার চেষ্টা, এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান তিনি।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। তিনি অবিলম্বে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

তিনি বলেন, ভুক্তভোগী পরিবার, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে মতপ্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতিচর্চার অধিকার সুরক্ষিত রাখতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান বজায় রেখে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতায় উসকানি নিষিদ্ধ করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার এ বিষয়ে যথাযথ ভূমিকা পালন করবে এবং নাগরিক সমাজও সরকারকে সহযোগিতায় এগিয়ে আসবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪