রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তমা মির্জা লেখেন, ‘ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।’
ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও তীব্র আপত্তি তোলেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে তমা মির্জা লেখেন, ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’
নিহত রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তমা লেখেন, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’
প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় এই ঘাতক।
রিপোর্টার্স২৪/মিতু