| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৪:১৫:৩৫:অপরাহ্ন  |  ২৬৭১ বার পঠিত
জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

রিপোর্টার্স২৪ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেন।

তিনি জানান, কর্মসূচির প্রথম দিন শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন বলে জানানো হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং সামাজিক সহায়তা কার্যক্রম।

তিনি আরও জানান, ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি সারা দেশেই স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪