রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো (প্রিন্সিপাল) নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ (সিকুয়েন্সিং) নির্ধারণ করবে সরকার। এ বিষয়ে আইএমএফ সম্মত হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল ভিত্তি কী হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত সরকারই নেবে
তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে আইএমএফ সম্মান করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, দেশের আর্থিক খাতের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি (ট্যাক্স-জিডিপি) অনুপাত বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে তারা।
তিনি বলেন, নতুন কর্মসূচির ভিত্তি ও কাঠামো নিয়ে আলোচনা আরও চলবে। আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে। পাশাপাশি আইএমএফের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান অর্থমন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম