| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১১:৪২:০৯:পূর্বাহ্ন  |  ৩৯৭৩ বার পঠিত
জুলাইয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সংস্কার, বিচার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দুই বছর পরও তার বাস্তবায়ন হয়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত ‘জুলাই পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন আশা ও আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছেছিল। কিন্তু দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি।’

তিনি অভিযোগ করেন, বিএনপি দেশে সংস্কার, আওয়ামী লীগের বিচার, ১ হাজার ৪০০ ছাত্র-জনতা হত্যার বিচার, শহীদ ওসমান হাদী, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। বরং বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার ঠেকাতে থানায় তদবির করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দল জনগণের রাজনীতি করতে চায় এবং টেন্ডারবাজি, দখলবাজি কিংবা অর্থের রাজনীতিতে জড়াবে না। একই সঙ্গে ভারতের সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি, সীমান্ত হত্যা বন্ধ, পুশইন প্রতিরোধ, পুলিশ ও সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিকে এনসিপি অগ্রাধিকার দেবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে এবং শহীদদের রক্তের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধেই আন্দোলন অব্যাহত থাকবে।

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. আব্দুল আহাদ এবং উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন।

সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪