| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪,৭০০ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১১:২৮:১২:পূর্বাহ্ন  |  ১৩৭ বার পঠিত
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪,৭০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যা টাকার অন্কে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মঙ্গলবার (২১ জুলাই) ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে তিনি এ তথ্য জানান এবং যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে জরুরি অর্থ বরাদ্দের আহ্বান জানান।

হেগসেথ বলেন, ঘোষিত ব্যয়ের মধ্যে চলমান সামরিক অভিযানের খরচের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

এর আগে চলতি বছরের মার্চে রয়টার্সের একটি সূত্র জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই ট্রাম্প প্রশাসনের ব্যয় হয়েছিল অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। আগামী ছয় মাস পর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে বিরোধী ডেমোক্র্যাটরা যুদ্ধের ব্যয়, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচকে ইস্যু করে রিপাবলিকান প্রশাসনের সমালোচনা জোরদার করেছে।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে প্রায় ৯০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট অনুমোদনের আবেদন করেন। এর বড় অংশই ইরান যুদ্ধ-সংক্রান্ত ব্যয়ের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন সংঘাত আরও বাড়ানোর হুমকি দিচ্ছে এবং এমন কিছু পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড বলেন, প্রশাসনের বক্তব্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। যুদ্ধের প্রকৃত অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সতর্ক করে বলেন, জরুরি অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হবে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা বিনিয়োগও ঝুঁকির মুখে পড়বে।

তিনি ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনেরও আহ্বান জানান। তার ভাষায়, "এই বাজেট অনুমোদন না হওয়াই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি।"

এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষই প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জুলাইয়ের পর আহত ১০০ সেনার ৯৬ শতাংশই আবার দায়িত্বে ফিরেছেন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্গ দ্বীপের তেল টার্মিনাল এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, ওই স্থাপনায় ‘খুব শিগগিরই’ হামলা চালানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪