| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে ‘শত্রু’ বিবেচনা করবে তেহরান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১২:২৩:৫৯:অপরাহ্ন  |  ৭০২৮ বার পঠিত
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে ‘শত্রু’ বিবেচনা করবে তেহরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক যুদ্ধে যেসব দেশ অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

 রেজাই বলেন, সব দেশকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্ত হলে তেহরান তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি জানান, ইরান প্রথমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে না থাকার আহ্বান জানাবে। তবে তারা সেই অবস্থান থেকে সরে না এলে তাদের স্বার্থে আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলো যুক্তরাষ্ট্রের অবরোধে যোগ দিলে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিও বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন রেজাই।

ইরানের এই হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’ চালানোর ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের পরিকল্পনায় তেহরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও তেল আয়ের ওপর চাপ বাড়ানোর উদ্যোগ রয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনীও নতুন করে সামরিক প্রস্তুতির বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার পর ইরানের সামরিক নীতি ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও সক্রিয় অবস্থানের দিকে যাচ্ছে। তবে এর অর্থ শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালানো নয় বলেও তিনি স্পষ্ট করেছেন।

আকরামিনিয়া বলেন, ইরানের ওপর নতুন কোনো আগ্রাসন হলে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং সেই জবাব আগ্রাসনের চেয়েও বড় পরিসরের হবে। সামরিক সক্ষমতা পুনর্গঠন ও নতুন অস্ত্রব্যবস্থা প্রস্তুতের কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। রেজাই এর আগে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক সংঘাতে পার্শ্ববর্তী দেশগুলো যুক্ত হলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিও বাধাগ্রস্ত হতে পারে। ফলে তেহরানের সর্বশেষ হুঁশিয়ারি শুধু নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। 

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪