| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী নুর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২০:৫১:১৭:অপরাহ্ন  |  ২১৮৪ বার পঠিত
প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী নুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাসীদের নানা সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিততে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ মনোযোগ আকর্ষণ নোটিশটি উত্থাপন করেন।

নোটিশে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ তারা নানা হয়রানি ও জটিলতার সম্মুখীন। এসব সমস্যার নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।’

ই-পাসপোর্ট জটিলতা নিরসন প্রসঙ্গে তিনি নোটিশে বলেন, ‘এনআইডি অথবা জন্মনিবন্ধনের তথ্যের সামান্য অসঙ্গতির কারণে পাসপোর্ট আটকে থাকায় প্রবাসীদের আকামা নবায়ন ও ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাচ্ছে। দ্রুত তথ্য সংশোধন দূতাবাসে বিশেষ ই-পাসপোর্ট সেল গঠন এবং আগের এমআরপি পাসপোর্টের ধারাবাহিকতা রেখে নবায়নের সুবিধা দেওয়া প্রয়োজন।’

বিদেশে অপহরণ ও নির্যাতন বন্ধে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য নোটিশে বলেন, ‘সৌদি আরবে অসাধু চক্র কর্তৃক প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

দালাল চক্র দমন ও আইনি সহায়তার বিষয়েও নোটিশ দেন তিনি। মোবাশ্বের আলম বলেন, ‘মধ্যপ্রাচ্যে প্রতারণার শিকার ব্যবসায়ীদের প্রবাসীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য দেশের প্রতিটি আদালত সরকারি আইনি সহায়তা প্রদান আবশ্যক।’

দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে তিনি বলেন, ‘অদক্ষ শ্রমিকদের কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে। তাই পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করে লক্ষ জনশক্তি পাঠাতে হবে।’

গামকা মেডিকেল দুর্নীতি বন্ধ নিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘গামকা মেডিকেল টেস্টের অনিয়ম ও ফিট আনফিট বাণিজ্য বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। বিএমটির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ করে সেবার মান স্বচ্ছ ও দ্রুত করতে হবে।

অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘লাইসেন্স-অনুমোদনবিহীন অসাধু এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

অতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য বলেন, ‘অতিরিক্ত খরচ ছয় থেকে ৭ লাখ টাকা কমিয়ে সরকারিভাবে নির্দিষ্ট ও যুক্তিসংত ফি নির্ধারণ করতে হবে যাতে প্রবাসীদের মূলধন তুলতে বছরের পর বছর না লাগে।’

দূতাবাস থেকে সরাসরি সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘প্রতারিত ও বিপদে পড়া প্রবাসীদের দ্রুত আইনি ও প্রশাসনিক সাহায্য দিতে হবে দূতাবাস গুলোকে আরো জবাবদিহীর আওতায় আনতে হবে।

অসুস্থ মৃত প্রবাসীদের সরকারি সহায়তার বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘অসুস্থ প্রবাসীদের চিকিৎসার ব্যয়বার ও মৃত প্রবাসীদের মরদেহ দ্রুত ও বিনামূল্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশের অর্থনীতি। সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। বিদেশ গমন ইচ্ছুকদের দক্ষতাকে সরকার গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘অভিভাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সরকারের অগ্রাধিকার রয়েছে। বর্তমানে ২৭টি দেশে ৩০টি শ্রমকল্যাণ উইং রয়েছে, যারা প্রবাসীদের সেবায় নিয়োজিত। ১১ দেশের ১৩ কনস্যুলেটে ২২টি ল’ফার্ম রয়েছে, যারা বিপদগ্রস্ত প্রবাসীদের যেকোনো সমস্যায় সহায়তা করে থাকে।

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, ওমানে নারীদের সহায়তায় তিনটি সেইফোম রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের কল্যাণে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিদেশে অসুস্থ প্রবাসীদের চিকিৎসায় সহায়তাসহ দেশে অবস্থানরত তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের সহায়তা এবং বিদেশে মৃত্যুবরণকারী মরদেহ দেশে আনাসহ প্রায় ১৩ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা করে থাকে।

প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সালিশি-মধ্যস্থতার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয় বলেও জানান নুরুল হক নুর। তিনি বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। অনেকের সেখানে ব্যবসা ও দোকানপাট রয়েছে। বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশি নাগরিক হিসেবে সরকার প্রবাসীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পাসপোর্টের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং দূতাবাসসংক্রান্ত বিষয় সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। তবে সামগ্রিকভাবে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রবাসীদের সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪