রিপোর্টার্স২৪ ডেস্ক: জার্মানিতে রাশিয়ার কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের ঘটনাকে যুদ্ধ শুরু করতে চাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে মস্কো। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বার্লিন ‘আবারও যুদ্ধ চায়’।
সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে জার্মানি। এরপর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
অভিযোগটি নাকচ করে ল্যাভরভ বলেন, ‘মোটের ওপর, এটি প্রকৃত যুদ্ধ শুরুর দিক। তারা বন শহর থেকে কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার করেছে। বার্লিনে রুশ হাউস বন্ধ করে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে কী হয়েছিল, তা আমার মনে আছে। তারা আবার যুদ্ধ চায়।’
জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগ তুলে সের্গেই ল্যাভরভ বলেন, এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাশিয়া যথাযথ সিদ্ধান্ত নেবে।
লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার বিষয়টি প্রথম সামনে আসে গত ৪ আগস্ট। এ নিয়ে গত সপ্তাহে জার্মানির সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে দায়ী করেছে। তাদের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে ‘হাইব্রিড হামলার’ চেষ্টা হয়। এজন্য রাশিয়া এজেন্টদের পাঠিয়েছিল।
অভিযোগ ওঠার পর বার্লিন ও মস্কো একে অপরের সাংস্কৃতিক কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রুশ কূটনীতিকদের তলব করেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে জার্মানি কিয়েভের অন্যতম প্রধান মিত্র।
চলতি মাসের শেষ দিকে রাশিয়ায় সংসদীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে জার্মানির সঙ্গে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম