| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগ সরকার শুধু ঋণখেলাপিই করেনি, হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ২১:০৮:০৪:অপরাহ্ন  |  ৫১৭ বার পঠিত
আ. লীগ সরকার শুধু ঋণখেলাপিই করেনি, হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা শুধু বিপুল ঋণখেলাপিই করেনি, এর হিসাবেও গড়মিল করেছিল বলে মন্তব্য করেছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে ঋণখেলাপির অপবাদ থেকে বের করে আনতে কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় দেশে গ্যাস, জ্বালানি ও ব্যাংকিং ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি প্রকট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা সম্পর্কে জনগণ ও রাজনৈতিক দলগুলো অবগত রয়েছে। এমনকি সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে সমাধানে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্দিষ্ট কোনো দেশকে সুবিধা দিতেই গ্যাস উত্তোলন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং দেশের এফএসআরইউতে আগুন লাগার কারণে গ্যাস ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সংকট কাটাতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী জোটের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গাড়ির লংমার্চ করলেই যদি সমস্যার সমাধান হতো, তাহলে সরকারই সবার আগে লংমার্চে যেতো।

তিনি আরও বলেন, কিছু মানুষকে সুবিধা দিতে কুইক রেন্টাল প্রক্রিয়া চালু করে বিগত সরকার দেশকে আর্থিকভাবে বিপর্যস্ত করেছে। একই সঙ্গে দেশের সংকটকে কেন্দ্র করে উসকানি দেওয়া হলে এতে পতিত ফ্যাসিস্টরাই লাভবান হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ সংকট মোকাবেলায় আমদানিনির্ভরতার পরিবর্তে সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তার আশা, এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে সৌরবিদ্যুতের বড় উৎপাদনকারী দেশে পরিণত হবে।

এ ছাড়া দেশে বর্তমানে বাকস্বাধীনতা অবাধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাকস্বাধীনতা যেন বাকশালীনতা লঙ্ঘনের কারণ না হয়। গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে বিবেকবান নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়— এ বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪