| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই-রোবটিক্স

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২৩:৪৬:২২:অপরাহ্ন  |  ৪০৬২ বার পঠিত
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই-রোবটিক্স

স্টাফ রিপোর্টার: চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিবিষয়ক বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শুধু প্রযুক্তির ব্যবহার নয়, শিক্ষার্থীদের এআইয়ের নৈতিক ব্যবহার, তথ্য যাচাই এবং ডিপফেক শনাক্ত করার বিষয়ও শেখানো হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

কোন শ্রেণিতে কী থাকছে

শিক্ষামন্ত্রী সংসদকে জানান, ২০২৭ সাল থেকে শ্রেণিভিত্তিক পাঠ্যক্রমে আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে।

ষষ্ঠ শ্রেণি: কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও রোবটিক্স।

সপ্তম শ্রেণি: প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ।

অষ্টম শ্রেণি: এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, আইওটি, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং।

নবম ও দশম শ্রেণি: এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি।

একাদশ ও দ্বাদশ শ্রেণি: কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক দিক।

ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তায় জোর

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআইয়ের ব্যবহার শেখালেই হবে না, এর মাধ্যমে পাওয়া তথ্য কীভাবে যাচাই-বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।

তিনি জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানেও এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ল্যাব

শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্পের আওতায় ল্যাবগুলোতে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে।

এ ছাড়া ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের।

পুরোনো ল্যাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সংসদে শিক্ষামন্ত্রীর বিবৃতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আগের ডিজিটাল ল্যাব প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এসব ল্যাবের বর্তমান অবস্থা ও কার্যকারিতা সরেজমিনে যাচাই করতে তিনি শিক্ষামন্ত্রীকে তার নির্বাচনি এলাকায় যাওয়ার আহ্বান জানান।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে। সংসদ সদস্যের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪