| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ আনফ্রেন্ড দিবস, বন্ধু তালিকা থেকে বাদ দেবেন কাদের?

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৬:০৮:২৬:অপরাহ্ন  |  ১২২৮১ বার পঠিত
আজ আনফ্রেন্ড দিবস, বন্ধু তালিকা থেকে বাদ দেবেন কাদের?

রিপোর্টার্স২৪ ডেস্ক: বন্ধুত্ব মানেই আন্তরিকতা, বিশ্বাস আর ভালো লাগার সম্পর্ক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের সংজ্ঞা যেন অনেকটাই বদলে গেছে। এখন পরিচিত-অপরিচিত মিলিয়ে ফেসবুকের বন্ধু তালিকায় জায়গা করে নিয়েছেন হাজারো মানুষ। তাদের মধ্যে কেউ নিয়মিত যোগাযোগ রাখেন, কেউ আবার অচেনাই থেকে যান। কেউ কেউ হয়ে ওঠেন বিরক্তির কারণও। অথচ ব্যস্ততা, আলসেমি কিংবা লোকলজ্জার কারণে অনেক সময় তাদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া হয়ে ওঠে না।

তবে সেই কাজের জন্যই রয়েছে বিশেষ একটি দিন। আজ ১৭ নভেম্বর, ‘আনফ্রেন্ড দিবস’। অর্থাৎ, ভার্চুয়াল জগতের অপ্রয়োজনীয় বন্ধুত্ব ছাঁটাই করে নিজের বন্ধু তালিকাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দিন।

২০১৪ সালে জনপ্রিয় মার্কিন কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা বন্ধু ছাঁটাই করার দিনটির প্রচলন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত, অপ্রয়োজনীয় কিংবা বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিকে উৎসাহিত করাই ছিল এ দিবসের উদ্দেশ্য।

ফেসবুকের বন্ধু তালিকায় হয়তো এমন অনেকের নাম রয়েছে, যাদের সঙ্গে কখনো সামনাসামনি দেখা হয়নি। এমনকি কীভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, কখন যুক্ত হয়েছিলেন কিংবা আদৌ পরিচয় হয়েছিল কি না, সেটিও মনে নেই। সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই ভার্চুয়াল বন্ধু তালিকা দীর্ঘ হতে থাকে। কিন্তু তালিকায় থাকা সবাই যে প্রকৃত অর্থে বন্ধু, এমনটা নয়।

একসময় বন্ধুত্ব বলতে বোঝানো হতো এমন একটি সম্পর্ক, যেখানে থাকত পারস্পরিক বিশ্বাস, আন্তরিকতা ও ব্যক্তিগত পরিচয়। কিন্তু ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে বন্ধুত্বের পরিসর অনেক বড় হয়েছে। এখন পরিচয় ছাড়াই অনলাইনে বন্ধুত্ব হচ্ছে, তৈরি হচ্ছে নতুন সম্পর্ক। আবার সেই সম্পর্ক ছিন্ন করার জন্যও তৈরি হয়েছে আলাদা শব্দ—‘আনফ্রেন্ড’।

বন্ধু বা ‘ফ্রেন্ড’ শব্দটি দীর্ঘদিনের পরিচিত হলেও ‘আনফ্রেন্ড’ শব্দটির জনপ্রিয়তা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরেই। অক্সফোর্ড ডিকশনারি ২০০৯ সালে ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। এর অর্থ হলো, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে নিজের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া।

বিশ্বের বিভিন্ন দেশে আনফ্রেন্ড দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট, মন্তব্য ও মজার আলোচনা দেখা যায়। এ দিনটিকে ঘিরে অনেকেই রসিকতা করে বলেন, আজ বুঝি বেশ কিছু ভার্চুয়াল বন্ধুত্বের মেয়াদ শেষ হতে চলেছে!

তাহলে কাদের বিদায় জানানো যেতে পারে বন্ধু তালিকা থেকে? যেমন—যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেওয়ার কথা ভুলে যান; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টে থাকে অভিযোগ, নেতিবাচক মন্তব্য আর অযাচিত বিতর্ক। আবার এমন অনেকেই আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কোনো যোগাযোগ নেই। বন্ধু তালিকায় নাম থাকলেও বাস্তবে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই।

তবে মজার ছলে বন্ধু ছাঁটাইয়ের কথা বললেও আনফ্রেন্ড দিবসের রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। এটি শুধু অপরিচিত বা বিরক্তিকর মানুষকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার দিন নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও নতুন করে ভাবার সুযোগ।

ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে তো? পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছেন না তো? ভার্চুয়াল জগতের ব্যস্ততায় বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে কি না, সেটিও ভেবে দেখার বিষয়।

কারণ প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর মুহূর্তগুলো যদি শুধু ছবি তোলা, ভিডিও করা আর পোস্ট দেওয়ার ব্যস্ততায় সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে সেই সময়ের প্রকৃত আনন্দই বা কোথায়?

তাই আজ আনফ্রেন্ড দিবসে চাইলে একবার নিজের ভার্চুয়াল বন্ধু তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, যাদের উপস্থিতি কেবল বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিংবা যাদের সঙ্গে বন্ধুত্বের আর কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের বিদায় জানাতে পারেন।

তবে মনে রাখতে হবে, কাউকে আনফ্রেন্ড করা মানেই তার সঙ্গে শত্রুতা নয়। কখনো কখনো নিজের ব্যক্তিগত পরিসর, সময় ও মানসিক স্বস্তি বজায় রাখতেও কিছু সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪