রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় আবারও বেড়েছে বায়ু দূষণ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার বায়ু দূষণ স্কোর ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।
আইকিউএয়ারের একিউআই স্কোর অনুযায়ী, বিশ্বের শীর্ষ বায়ু দূষণের শহরের তালিকায় রয়েছে দিল্লি। শহরটির দূষণ স্কোর ৪১৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২৪৮। ২২৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। ১৯৩ দূষণ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ স্থানে। আর ১৯১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
রিপোর্টার্স২৪/ঝুম