| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণ ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২৩:৩৫:৫৭:অপরাহ্ন  |  ৪২৬৫ বার পঠিত
ধর্ষণ ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক হয়রানিমূলক মামলা হলে ধর্ষণ ছাড়া হত্যাসহ অন্য যেকোনো মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রকৃতির মামলা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা শর্তের সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্ব করেন। অধিবেশনে আইনমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুক।

এর আগে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান ও অন্যান্য মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এমনকি যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হচ্ছে।

সব মামলা প্রত্যাহার না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। সে কারণে সব মামলা প্রত্যাহার করা সম্ভব হয়নি।

তবে যাদের বিরুদ্ধে এখনও মামলা রয়েছে, তাদের নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক প্রকৃতির হলে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা এর বাইরে থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আসাদুজ্জামান জানান, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই শূন্যতা ও সংকট দূর হবে।

মামলা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মন্ত্রী একটি উদাহরণ টেনে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের মামলাগুলো যথাযথ ফরমে জমা দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি নিজে জামায়াতের নায়েবে আমির ও সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে জমা দেওয়ার অনুরোধ করেছেন বলে সংসদকে জানান।

অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান।

জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনোটির গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। নির্দিষ্ট ফরমে আবেদন পেলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪