স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি-নিউমার্কেট এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ আগে বিডিআর এলাকার ভেতর দিয়ে ছিল। বিডিআর ট্র্যাজেডির পর ওই পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। সমস্যা সমাধানে নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। তবে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় দুই বছর সময় লাগতে পারে।
তিনি বলেন, আগামী বর্ষার আগেই পরিস্থিতি কিছুটা উন্নত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বর্ষা শেষে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করা হবে। ভবিষ্যতে পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আবদুস সালাম জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে ড্রেনে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য জমে যাওয়ার কথা উল্লেখ করে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও মশার লার্ভা ধ্বংসে কার্যক্রম চালানোর কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের জন্য দুটি ফগার মেশিন দেওয়ার ঘোষণা দেন এবং পুনরায় পানি জমলে পাম্পের মাধ্যমে তা অপসারণের ব্যবস্থা করার আশ্বাস দেন।