| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে এনসিপিতে দুই শতাধিক নতুন সদস্য

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১২:০৭:৫৩:অপরাহ্ন  |  ৫১০ বার পঠিত
নারায়ণগঞ্জে এনসিপিতে দুই শতাধিক নতুন সদস্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নতুন রাজনীতির প্রত্যাশা, গণঅভ্যুত্থানের চেতনা এবং ‘ভালো মানুষকে’ দলে যুক্ত করার অঙ্গীকারকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রথম দফায় দুই শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের এনসিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয় মহানগর এনসিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সভাপতিত্ব করেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, দলকে বড় করার জন্য যাকে-তাকে সদস্য করা হবে না। এনসিপির সদস্য সংগ্রহে এমন একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যাতে কোনো বিতর্কিত ব্যক্তি যুক্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারেন।

তিনি বলেন, “আমরা কাউকে বাদ দিতে চাই না, আবার যাকে-তাকে দলে নিতে চাই না। আমরা চাই, এমন মানুষ যুক্ত হোক, যাদের কারণে দলের বদনাম হবে না। সাধারণ মানুষ যেন কখনো মনে না করে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা আমাদের দলে বেশি।”

তিনি বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় মানুষ পরিবর্তনের প্রত্যাশা দেখিয়েছে। অতীতের রাজনৈতিক দলগুলোর প্রতি অনেকের অনাগ্রহ রয়েছে। সেই শূন্যতা থেকেই নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির যাত্রা।

সংসদ সদস্য বলেন, রাজনীতি কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকলে হবে না; কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। “মুখে মাদকের বিরুদ্ধে বললাম, কিন্তু মাদক ব্যবসায়ীদের সঙ্গে চললাম, তাহলে মানুষ সেই কথার মূল্য দেবে না। তরুণ প্রজন্ম এখন কথার সঙ্গে কাজের মিল দেখতে চায়।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সবসময় মানুষের পাশে থাকতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিতে হবে, যাতে মানুষ মনে করে এনসিপির কর্মীরাই তাঁদের আপনজন।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দলকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের হারানোর কিছু নেই। যারা জীবন দিয়ে এই পথ তৈরি করে দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মর্যাদা রাখতে হলে ইতিবাচক চিন্তা ও ইতিবাচক রাজনীতি করতে হবে। আমরা একটি সুন্দর, ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের প্রত্যাশা ছিল একটি সুন্দর বাংলাদেশ ও সুন্দর নারায়ণগঞ্জ। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনীতিই করতে চায় এনসিপি।

সভাপতির বক্তব্যে মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম বলেন, নতুন সদস্যদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাঁদের পরিবার দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিল। আবার কেউ কেউ নিজেরাও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সমর্থন রেখেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই দলগুলোর কর্মকাণ্ডে হতাশ হয়ে তাঁরা এনসিপিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, “দুই বছর পর্যবেক্ষণের পর তাঁরা এনসিপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। এটি প্রমাণ করে তাঁরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিশ্বাস করি, তাঁরা এখানে আশাহত হবেন না।”

এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান প্রমুখ।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪