স্টাফ রিপোর্টার: দল থেকে বহিষ্কার করা হলেও শুধু সেই কারণেই কোনো সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয় না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়েও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে কোনো সংসদ সদস্যের সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সুযোগ নেই। গাজী নজরুল ইসলামের সদস্যপদের বিষয়েও সংসদের পক্ষ থেকে প্রয়োজনীয় রেফারেন্স বা চিঠি পাওয়ার পর আইন ও সংবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আরও বলেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ বাতিল হওয়ার বিধান রয়েছে। তবে দল যদি কাউকে বহিষ্কার করে, শুধু সেই কারণে সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই।
তিনি জানান, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এলে নির্বাচন কমিশন সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রিপোর্টার্স২৪/বাবি