রিপোর্টার্স২৪ ডেস্ক:আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাস্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।
আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রোববার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
শিক্ষকদের কর্মবিরতির প্রথম দিন আজ।‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র ডাকা কর্মসূচিতে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। শতাধিক শিক্ষক আহত হয়েছেন। আটক হন বেশ কয়েকজন ।
শাহবাগ থানায় গ্রেপ্তারদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাত ১২টা ১টা মিনিটে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটান তারা । সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রিপোর্টার্স২৪/এসসি