রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছিল। তবে ২৯ আগস্ট আদালত তাকে ও অন্য ১৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করতে সশস্ত্র সংগ্রামের ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখেন এবং অন্যদের প্ররোচিত করেন।
পুলিশের তদন্তে জানা যায়, ‘মঞ্চ ৭১’নামে নতুন সংগঠনের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিহত করা। তবে পুলিশের অভিযোগ, বৈঠকটি ব্যবহার করে সরকার উৎখাতের চেষ্টা করা হচ্ছিল।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন। মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
রিপোর্টার্স২৪/ঝুম