রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ। মামলাটিতে অভিযুক্ত রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদসহ ৩০ আসামি।
আজকের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ, চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে। অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ দুইজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হতে পারে বলে জানা গেছে। এর আগে, সোমবার (১০ নভেম্বর) সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। তিনি মামলার ১২ নম্বর সাক্ষী হিসেবে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন।
আকিব রেজা বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ও অন্য কয়েকজন মিলে আবু সাঈদকে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তোলেন। সাক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, রংপুরের তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেরোবির কয়েকজন শিক্ষক-কর্মচারীর নাম উল্লেখ করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আকিব রেজাকে জেরা করেন পলাতক ও উপস্থিত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্সসহ আইনজীবীরা। এরপর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম ও সুলতান মাহমুদসহ অন্যান্যরা।
এর আগে, গত ৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও সাক্ষী উপস্থিত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। ২১ অক্টোবর দ্বিতীয়বারের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়, আর ১৩ অক্টোবর প্রসিকিউশন সাক্ষী হাজির করতে না পারায় পুনরায় সময় আবেদন করে।
গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণে জবানবন্দি দেন পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল, যারা জব্দ তালিকার সাক্ষী ছিলেন।
২৯ সেপ্টেম্বর অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণে তিনজন সাক্ষী জবানবন্দি দেন। এর আগে ২২ সেপ্টেম্বর সপ্তম দিনে সিয়াম আহসান আয়ানকে জেরা করা হয়; যিনি গুলিবিদ্ধ হওয়ার পর সবার আগে আবু সাঈদকে হাসপাতালে নিতে এগিয়ে এসেছিলেন।
১৪ সেপ্টেম্বর পঞ্চম দিনের জেরায় অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমান, যিনি ৯ সেপ্টেম্বর সাক্ষ্য দিয়েছিলেন। একই দিনে এসআই মো. তরিকুল ইসলামও জবানবন্দি দেন।
৮ সেপ্টেম্বর সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম। পরদিন ৭ সেপ্টেম্বর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক।
রিপোর্টার্স২৪/ঝুম