রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সমন্বয় জোরদারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিশেষ ক্ষমতা কার্যকর থাকবে।
এ সময়ের মধ্যে সেনাবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় নিশ্চিতের লক্ষ্যে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনী প্রস্তুতি ও চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর এই নির্বাহী ক্ষমতা মাঠপর্যায়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম