রিপোর্টার্স২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন একাদশ গ্রেড থেকে বাড়িয়ে দশম গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়নের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদ এই গেওডের আওতাভুক্ত রয়েছে। এদের সবার বেতন দশম গ্রেডে উন্নীত করার সম্মতি জানিয়েছে। এর ফলে শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০), যা পূর্বে ছিল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)। পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণযোগ্য থাকবে।
সোমবার (১০ নভেম্বর) এ ব্যাপারে সম্মতি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে বলেন, এ উদ্যোগ প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষকদের প্রতি তার দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শন করছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও সকল স্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন, এটি সরকারের প্রত্যাশা।
রিপোর্টার্স২৪/আরকে