সিনিয়র রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার ছড়ানো কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তার সহযোগী সংগঠনের ১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে নগরবাসীর অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১ থেকে ১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গ-সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে।
তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই হীন অপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে এবং ১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব অপকর্মের সাথে জড়িত মোট ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়াদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা এবং বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে নাশকতারীদের শনাক্ত করার কাজ চলছে।
ডিএমপি কমিশনার নগরবাসীকে কোন আগন্তুককে আশ্রয় দেওয়ার পূর্বে তার পরিচয় নিশ্চিত হওয়া এবং হোটেল, গেস্ট হাউজে জাতীয় পরিচয়পত্র দেখে অতিথি ওঠানোর অনুরোধ করেন। এছাড়া ব্যক্তিগত ও যেকোন ধরনের বাণিজ্যিক যানবাহন যেন কোন অবস্থাতে অরক্ষিত না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য নগরবাসীকে অনুরোধ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর ভূমিকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। নাশকতার পরিকল্পনাকারীদের একইভাবে সকলে মিলে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, সম্মানিত নগরবাসীই আমাদের শক্তি। তাদের সাথে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সক্ষম। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ সক্রিয় রয়েছেন অতএব নাশকতাকারীদের বিচ্ছিন্ন কর্মকাণ্ডে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি