| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের রায় আজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:৪৭:১৫:অপরাহ্ন  |  ১৮৬৩৭১৬ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের রায় আজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালে গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। অপরদিকে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড প্রত্যাশা করে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ সাক্ষীদের জবানবন্দি খণ্ডন করে, বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে। রাজসাক্ষী মামুনের পক্ষে আইনজীবী যায়েদ বিন আমজাদও অতিরিক্ত যুক্তি উপস্থাপন করেন।

চলতি বছরের ১০ জুলাই রাজসাক্ষী হিসেবে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধে নিজের ভূমিকা স্বীকার করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অভিযোগ গঠনের শুনানিতে তিনি ট্রাইব্যুনালকে জানান যে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলো সত্য এবং তিনি সেসব অপরাধের বিবরণ আদালতে তুলে ধরতে চান।

এই মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগপত্রের মোট পৃষ্ঠা ৮ হাজার ৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণ ৪ হাজার ৫, এবং শহীদ তালিকা সংক্রান্ত তথ্য ২ হাজার ৭২৪ পৃষ্ঠায় অন্তর্ভুক্ত।

টানা শুনানি শেষে গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। আজ ঘোষিত হবে বহুল প্রত্যাশিত সেই রায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪