রিপোর্টার্স২৪ ডেস্ক: সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। মাত্র এক মাস গত অক্টোবরেই সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪২৩ জন মানুষের প্রাণ, আর আহত হয়েছে আরও ৫৮৯ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদ্য প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এ প্রতিবেদনে জানানো হয়, দেশের আট বিভাগেই ভয়াবহভাবে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানি।
এসবের মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত ও ১৮৮ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২৩টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন, রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন, বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন, রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার বা জিপ ১৫টি, বাস বা মিনিবাস ১১৪টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১২৪টি, পিকআপ ৩১টি, মাইক্রোবাস ২৩টি, মোটরসাইকেল ১৬৪টি, ভ্যান ২২টি, ট্রাক্টর ৫টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ১১টি, অটোরিকশা ৪১টি ও অন্যান্য যান ১১৮টিসহ সর্বমোট ৬৯৫টি যানবাহন রয়েছে।
এসবের মধ্যে মোটরকার দুর্ঘটনায় বা জিপ ২ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৬৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন, পিকআপ দুর্ঘটনায় ১১ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৮ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩০ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১১ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৬ জনসহ সর্বমোট ৪২৩ জন নিহত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম