স্টাফ রিপোর্টার: ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরের পাবলিক প্রসিকিউটর (পিপি) কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে রেবতী ম্যানশন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘অফিসে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি ড্রেনের কাদা ছিটকে আদালতের দেয়াল পর্যন্ত লেগে আছে। ঘটনাটি আদালত প্রাঙ্গণের জন্য এক ধরনের সতর্কবার্তা হতে পারে।’
ঘটনার পর দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম বিষয়টি কোতোয়ালি থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘গতকাল শেখ হাসিনাকে দেওয়া রায়কে কেন্দ্র করে সারা দেশে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটি তারই অংশ হতে পারে।’ তিনি দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি ছোট পটকা বোমা বা চকলেট বোমা ধরনের কিছু হতে পারে।’
ঘটনার পর আদালত এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/এসসি