আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে গাজা স্ট্রিপ প্রিমিয়ার লিগ। এই লীগ গাজাবাসীর জন্য সবচেয়ে উৎসবের সময় ছিলো। কিন্তু এখন সেই গাজা একটি ধংসস্তুপ। অধিকাংশ গাজাবাসীর এমন একটি বাড়িও নেই, যেখানে বসে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল উপভোগ করবেন।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় দুই বছরব্যাপী সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। এতে গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং এর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলবর্তী হামাস-নিয়ন্ত্রিত এই সংকীর্ণ ভূখণ্ডে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় সকলেই প্রধানত তাঁবু এবং ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন।
গাজা সিটির রয়্যাল ক্যাফে পরিচালনাকারী আলা বাবলি মধ্যরাতের পর জ্বালানি চালিত জেনারেটর বন্ধ হয়ে গেলেও গভীর রাতের ম্যাচগুলো যাতে স্ক্রিনে দেখানো যায়, সেজন্য দুটি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি ব্যাকআপ ব্যাটারি স্থাপন করেছেন।
ক্যাফের দেওয়ালে ঝোলানো মিশর ও মরক্কোর পতাকার নিচে ম্যাচ দেখতে আসা হানি আবু রিজক বলেন, গাজাবাসীরা বাইরে বের হলে কখনই ভয় থেকে মুক্ত থাকতে পারেন না। তিনি বলেন, এই ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আমার পাশের কোনও কিছু লক্ষ্যবস্তু হতে পারে এবং আমি আমার জীবন হারাতে পারি। কিন্তু আমরা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, সবকিছুর পরও আমরা আমাদের জীবন চালিয়ে যাচ্ছি এবং আমরা ম্যাচ দেখবো।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে যুদ্ধে ইসরায়েলের হাতে নিহত ৭৩,০০০ ফিলিস্তিনির মধ্যে ১,০০০ জন ক্রীড়াবিদ রয়েছেন; যাদের মধ্যে শিশু ও অপেশাদার খেলোয়াড় থেকে শুরু করে রেফারি এবং পেশাদার ক্রীড়াবিদও আছেন।
ইসরায়েল প্রায় ২৮৫টি ক্রীড়া সুবিধাও ধ্বংস করেছে যার কিছু বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু বোমায় ধুলিসাৎ হয়েছে। ইসরায়েলি বাহিনী স্টেডিয়ামগুলোকে ডিটেনশন ক্যাম্প বা আটক শিবিরে পরিণত করেছে, যার কয়েকটি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগের কারণে কুখ্যাত হয়ে উঠেছে, যদিও ইসরায়েল তা অস্বীকার করে।
গাজা সিটির অঞ্চলের প্রধান আল-ইয়ারমুক স্টেডিয়াম যেখানে আল-আরাউই এবং অন্যান্য পেশাদাররা একসময় হাজার হাজার দর্শকের সামনে খেলতেন তা এখন বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য একটি তাঁবু নগরীতে পরিণত হয়েছে।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের মুস্তফা সিয়াম বলেন, ২০২৩ সালে ইসরায়েলি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন ইসরায়েলি সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
রিপোর্টার্স /এসএন